বান্দরবানে ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা, শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ
বান্দরবানে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এবং গ্রাউসের বাস্তবায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবান কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর অপুষ্টি দূরীকরণ, শিশু শ্রম নিরসন এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরণে ধর্মীয় নেতাদের ভূমিকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশন বান্দরবান জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সেলিম উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবানের সিনিয়র ম্যানেজার আশিষ কুমার হালদার, গ্রাউসের প্রোগ্রাম ম্যানেজার টুলু মার্মা, প্রোগ্রাম অফিসার সোনিয়া আফরোজসহ জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের সুস্থ ও নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করা সমাজের সকলের দায়িত্ব। শিশুদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতাদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি শিশুদের সুশিক্ষা নিশ্চিত করে আলোকিত নাগরিক হিসেবে গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় শিশু অধিকার রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সচেতনতা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে উপস্থিত ধর্মীয় নেতৃবৃন্দকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং একটি নিরাপদ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।



আপনার মতামত লিখুন