ত্রিশালে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, টেকসই কৃষি ও পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ
কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’। অনুষ্ঠানে কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৩টায় ত্রিশাল পৌরসভা মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ অর্থবছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ ড. উম্মে হাবিবা, পার্টনার প্রকল্পের ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ ড. সালাউদ্দিন কায়সার এবং ত্রিশাল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাম্মিম জাহান।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ এবং নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে বসতবাড়ির আঙিনায় বিষমুক্ত শাক-সবজি চাষ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিতে হবে।
বক্তারা আরও বলেন, কৃষিকে আরও লাভজনক ও বাণিজ্যিক খাতে রূপান্তর করতে আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বাড়ানো জরুরি। প্রযুক্তিনির্ভর কৃষিচর্চা সম্প্রসারণের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকের আয় বাড়ানো সম্ভব হবে।
তারা আশা প্রকাশ করেন, পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করবে এবং দেশের কৃষি খাতকে আরও টেকসই ও প্রতিযোগিতামূলক করে তুলবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, কৃষি কর্মকর্তা এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা অংশ নেন।



আপনার মতামত লিখুন