সাতছড়ি জাতীয় উদ্যানে তক্ষক অবমুক্ত
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে একটি তক্ষক অবমুক্ত করেছে বন বিভাগ।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ জুন) হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রাম থেকে একটি তক্ষক উদ্ধার করেন। পরে বন বিভাগের হেফাজতে একদিন পরিচর্যা ও পর্যবেক্ষণের পর শনিবার (২০ জুন) বিকেলে চুনারুঘাট উপজেলার রঘুনন্দন রেঞ্জের অন্তর্গত সাতছড়ি জাতীয় উদ্যানে প্রাণীটি অবমুক্ত করা হয়।
অবমুক্ত করার সঙ্গে সঙ্গেই তক্ষকটি দ্রুত গভীর বনের দিকে চলে যায়। এ সময় সাতছড়ি ব্যবস্থাপনা কমিটির সদস্য, সাংবাদিক এবং বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, তক্ষকের ইংরেজি নাম Gecko এবং বৈজ্ঞানিক নাম Gekko gecko। এটি গেকোনিডি (Gekkonidae) গোত্রের একটি বড় আকারের গিরগিটি প্রজাতি। সাধারণত এদের দেহ ধূসর বা নীলচে বর্ণের হয় এবং শরীরজুড়ে লাল ও সাদাটে ফোঁটা দেখা যায়।
তিনি আরও বলেন, তক্ষক মূলত কীটপতঙ্গ, ছোট টিকটিকি, ছোট পাখি ও ছোট সাপ খেয়ে বেঁচে থাকে। এরা সাধারণত বাড়ির ছাদ, দেয়ালের ফাঁকফোকর কিংবা গাছের গর্তে আশ্রয় নেয়।
বিশেষজ্ঞদের মতে, অবৈধ শিকার ও বিভিন্ন ভুল ধারণার কারণে দক্ষিণ এশিয়ায় তক্ষকের সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে। অনেকেই ভুলবশত তক্ষককে বিষাক্ত মনে করলেও বাস্তবে এ ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এ প্রাণীর বিস্তৃতি রয়েছে। তবে অবৈধ বাণিজ্য ও লোকজ চিকিৎসার নামে নির্বিচারে নিধনের কারণে প্রজাতিটি বর্তমানে হুমকির মুখে রয়েছে।



আপনার মতামত লিখুন