নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের চেষ্টায় ২ জনের কারাদণ্ড
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্নপত্র বাইরে পাঠিয়ে উত্তর সংগ্রহ করে পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে দুইজনকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২০ জুন) চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুরের নিয়োগ পরীক্ষায় এ ঘটনা ঘটে।
জানা যায়, পরীক্ষার সময় মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কেন্দ্র থেকে প্রশ্নপত্র বাইরে পাঠিয়ে উত্তর সংগ্রহের চেষ্টা করেন মো. হাবিবুর রহমান নামে এক পরীক্ষার্থী। বিষয়টি কর্তব্যরত কর্মকর্তাদের নজরে এলে তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
একই ঘটনায় কেন্দ্রের বাইরে থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে উত্তর সরবরাহের অভিযোগে মো. রিয়াদ নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনার প্রমাণ পাওয়া গেলে তাকেও মোবাইল কোর্টের মাধ্যমে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
এ সময় যে দোকান থেকে উত্তর সরবরাহ করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়, সেটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারীদের জন্য এ অভিযান একটি কঠোর সতর্কবার্তা। নকলমুক্ত ও সুষ্ঠু পরীক্ষার পরিবেশ বজায় রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



আপনার মতামত লিখুন