কৃতী শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথে নতুন প্রেরণা
ফরিদগঞ্জে এএমআই ও আইইএস-এর মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান:
মেধা ও মননের বিকাশে শিক্ষার্থীদের উৎসাহিত করতে চাঁদপুরের ফরিদগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এএমআই (অ্যাসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশন্স) ও আইইএস (ইসলামিক এডুকেশন সোসাইটি)-এর উদ্যোগে বর্ণাঢ্য মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান। কৃতী শিক্ষার্থীদের সম্মাননা, সনদ ও বৃত্তি প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিণত হয় শিক্ষার মূল্যায়ন ও অনুপ্রেরণার এক প্রাণবন্ত মিলনমেলায়।
সোমবার (২২ জুন) বিকেল ৩টায় ফরিদগঞ্জের আদর্শ একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজকের মেধাবীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই শিক্ষার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ অর্জনের দিকেও সমান গুরুত্ব দিতে হবে।”
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, আল-আমিন সোসাইটি চাঁদপুর ও ইসলামি ট্রাস্ট ফরিদগঞ্জের নির্বাহী সদস্য মাওলানা বিলাল হোসেন মিয়াজী। তিনি বলেন, “মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং ভবিষ্যতের সাফল্যের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এএমআই, আইইএস ও আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন আর-রশিদ, ইসলামি ট্রাস্ট ফরিদগঞ্জের নির্বাহী সদস্য মাওলানা ইউনুস হেলাল এবং এএমআই বৃত্তি প্রকল্পের সভাপতি অধ্যাপক শাহ আলম।
আদর্শ শিক্ষক ফেডারেশন ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক শরীফ মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং আদর্শ একাডেমির মাধ্যমিক শাখার ইনচার্জ মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান শুধু একটি পুরস্কার নয়; এটি তাদের ভবিষ্যৎ পথচলার প্রেরণা। এমন উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তোলে এবং দেশ ও জাতির কল্যাণে নিজেকে গড়ে তোলার মানসিকতা সৃষ্টি করে।
পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের হাতে মেধা বৃত্তি, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করে।
শিক্ষা, মেধা ও স্বপ্নের এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।



আপনার মতামত লিখুন