ভূরুঙ্গামারীতে বন্যার প্রাদুর্ভাব, পানিবন্দি নিম্নাঞ্চলের মানুষ
টানা তিন দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়েছে। এতে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। সোমবার (২৯ জুন) উপজেলার চর -ভূরুঙ্গামারী ইউনিয়নের দক্ষিণ চর-ভূরুঙ্গামারী এলাকার ১ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে প্রবেশ করেছে। অনেক বাড়ির উঠান পানিতে তলিয়ে গেছে। নিচু এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত তিন দিন ধরে নদীর পানি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে বসতবাড়ি, আঙিনা ও ফসলি জমিতে পানি ঢুকে পড়েছে। পানি আরও বৃদ্ধি পেলে ঘরবাড়িতে পানি প্রবেশের আশঙ্কা রয়েছে। অনেক পরিবার ইতোমধ্যে গবাদিপশু ও প্রয়োজনীয় মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এদিকে পানি বৃদ্ধির কারণে কৃষকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। বিশেষ করে আমন ধানের বীজতলা ও বিভিন্ন মৌসুমি সবজি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সতর্কতা বা ত্রাণ সহায়তা পৌঁছায়নি। তারা পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রশাসনের নজরদারি ও প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন। এবিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ জানান,দুধ কুমার নদীর পানির বৃদ্ধি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণের সাথে সব যোগাযোগ করা হচ্ছে।পরিস্থিতি মোকাবেলায় আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহন করেছি।



আপনার মতামত লিখুন