রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ৪০ বোতল ভারতীয় মদ আটক
রাজশাহী সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে গোদাগাড়ী উপজেলার চরকানাপাড়া সীমান্তে এ অভিযান পরিচালনা করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।
বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে,জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্তে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে সাহেবনগর বিওপি’র টহল দল জানতে পারে, চরকানাপাড়া সীমান্ত দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।
তথ্য পেয়ে টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাট ক্ষেতের ভেতর অবস্থান নেয়। দীর্ঘসময় অপেক্ষার পর একজন ব্যক্তিকে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাকে আটকের চেষ্টা করলে ওই মাদক কারবারী সঙ্গে থাকা বস্তা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।
পরে বস্তা তল্লাশি করে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদের কোনো বৈধ মালিক পাওয়া যায়নি।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সূত্র জানায়, উদ্ধারকৃত মদ গোদাগাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। একইসঙ্গে পলাতক মাদক কারবারী ও এর সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তে মাদক চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



আপনার মতামত লিখুন