শ্রীপুরে কালার অ্যান্ড কো. লিমিটেডে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
গাজীপুর শ্রীপুর উপজেলার আনসার টেপিরবাড়ি এলাকার কালার অ্যান্ড কো. লিমিটেড কারখানায় মঙ্গলবার (৭ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকদের দ্রুত মাওনা চৌরাস্তার আল-হেরা প্রাইভেট হাসপাতালসহ আশপাশের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজ চলাকালে একে একে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অসুস্থ শ্রমিকদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে তাদের অসুস্থ হওয়ার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। চিকিৎসকরা তাদের চিকিৎসা দিচ্ছেন।
এদিকে ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক বসুন্ধরার শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি আশিকুর রহমান সবুজের মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি অভিযোগ করেন, কারখানার ভেতরে তথ্য ও ছবি সংগ্রহের সময় কয়েকজন ব্যক্তি তার মোবাইল ফোন কেড়ে নেন।
পরে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
অর্ধশতাধিক শ্রমিক একযোগে অসুস্থ হওয়ার প্রকৃত কারণ এবং সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগের বিষয়ে প্রশাসনের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।



আপনার মতামত লিখুন