সিরাজদিখানের টেঁটাবিদ্ধের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি জয়নাল নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার।
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের কুমারখালী এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হামলা ও টেঁটাবিদ্ধের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি জয়নাল (৬০)কে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে মুন্সীগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ জুন সকালে কুমারখালী এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একটি বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা টেঁটা, লাঠি ও ইট-পাটকেল দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে একই পরিবারের কয়েকজন গুরুতর আহত হন।
হামলার সময় ১৪ বছর বয়সী ইয়ামিন টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া সালাম, আবুল হোসেন, আমির আলী ও শাহানাজসহ আরও কয়েকজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।
ঘটনার পর আহত ইয়ামিনের মা রুনা বেগম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন। মামলায় এক নম্বর আসামি করা হয় জয়নালকে।
সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলী বলেন, মামলার প্রধান আসামি জয়নাল দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।



আপনার মতামত লিখুন