রাজশাহী গোদাগাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৪১ বোতল ভারতীয় মদ জব্দ
রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে ৪১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে উপজেলার ফরাদপুর পদ্মা নদীর ঘাট এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়। তবে বিজিবির ধাওয়া খেয়ে পাচারকারী রাতের অন্ধকারে পালিয়ে যায়।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানায়, বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্তে বিশেষ অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ফরাদপুর পদ্মা নদীর ঘাট দিয়ে ভারত থেকে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।
তথ্যের ভিত্তিতে প্রেমতলী বিওপির একটি আভিযানিক দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ফাঁদ পেতে অবস্থান নেয়। রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে এক ব্যক্তিকে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশে ঢুকতে দেখা যায়। বিজিবি সদস্যরা ধাওয়া করলে ওই ব্যক্তি একটি বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে বস্তাটি তল্লাশি করে ৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদের বাজারমূল্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
১ বিজিবি সূত্র জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক পাচারকারীকে শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।



আপনার মতামত লিখুন