এক নিমন্ত্রণ, দুই লাশ: শ্রীপুরে কাভার্ড ভ্যানের নিচে ঝরে গেল দম্পতির প্রাণ
সহকর্মীর পরিবারকে দুপুরের খাবারের দাওয়াত দিয়েছিলেন রাকিব হাসান। অফিস শেষে বাসায় ফিরে স্ত্রী বিথী ও শিশু সন্তানকে নিয়ে রান্না করা খাবার পৌঁছে দিতে বের হন। কিন্তু সেই দাওয়াত আর পৌঁছানো হলো না। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান স্ত্রী বিথী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান রাকিবও। তাদের শিশু সন্তান গুরুতর আহত হয়ে ঢাকার জাতীয় শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে শনিবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২ নম্বর সিএন্ডবি বাজার এলাকায়, অধ্যাপক রফিকুল ইসলাম কলেজগামী সড়কের মুখে ময়মনসিংহগামী লেনে।
নিহত রাকিব হাসান (৪২) পিরোজপুর সদর উপজেলার উত্তর রানীপুর গ্রামের বাসিন্দা এবং শ্রীপুরের ডেনিম্যাক্স গার্মেন্টসে এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগে কর্মরত ছিলেন। তার স্ত্রী বিথীর (২৭) বাড়িও একই এলাকায়।
কারখানার এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগের কর্মকর্তা হাজ্জাজ জানান, কয়েক দিন আগে সহকর্মী সুলতানের মা মারা যাওয়ায় তাকে ও তার পরিবারকে শনিবার দুপুরে বাসায় খাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন রাকিব। অফিস শেষে তিনি বাসায় গিয়ে খাবার প্রস্তুত করেন। পরে স্ত্রী ও সন্তানকে নিয়ে রাস্তার পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে সহকর্মীর বাসায় যাওয়ার জন্য মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই বিথীর মৃত্যু হয়। আহত রাকিবকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল বর্মন জানান, দুর্ঘটনার পর ঘাতক কাভার্ড ভ্যানটি পালিয়ে গেছে। সেটি শনাক্ত এবং চালককে আটকের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



আপনার মতামত লিখুন