আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চৌরঙ্গী জামে মসজিদে নির্মাণকাজ, বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
রাজশাহীর কাজিহাটা এলাকার চৌরঙ্গী জামে মসজিদে আদালতের নিষেধাজ্ঞা ও স্থিতাবস্থার আদেশ অমান্য করে বেজমেন্টে দোকানসহ বাণিজ্যিক স্থাপনা নির্মাণের অভিযোগ তুলে অবিলম্বে নির্মাণকাজ বন্ধ ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন মসজিদের একাংশের মুসল্লি ও এলাকাবাসী।
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তোলেন মসজিদের সাধারণ মুসল্লি ও মামলার বাদী মো. আমিনুর রহমান বাচ্চু।
আদালতের আদেশ অমান্যের অভিযোগ
লিখিত বক্তব্যে তিনি জানান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট মামলা নম্বর-১৫১১২/২০২৩ এবং রাজশাহী জেলা সদর সিনিয়র সহকারী জজ আদালতের মামলা নম্বর-১৩১/২০২৩ (বর্তমান ২৯৮/২০২৬)-এ মসজিদের অবকাঠামোয় নতুন নির্মাণের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ রয়েছে। এরপরও বেজমেন্টে ২২-২৩টি দোকান, টয়লেটসহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা হয়েছে এবং সেগুলো বিক্রির চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে ভায়োলেশন মামলা নম্বর-৮১/২০২৩ ও ২১/২০২৫ দায়ের করা হয়েছে। রাজপাড়া থানাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও তা বাস্তবায়ন হয়নি। আরডিএর নির্দেশনা অনুযায়ী বেজমেন্ট পার্কিং হিসেবে ব্যবহারের কথা থাকলেও সেখানে দোকান নির্মাণ করা হয়েছে।
আমিনুর রহমান বাচ্চু দাবি করেন, ২০২৪ সালের আগস্টে সাধারণ মুসল্লিদের সমর্থনে গঠিত আহ্বায়ক কমিটিকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়। এরপর বর্তমান কমিটির সভাপতি, সাবেক সভাপতি ও খতিবের বিরুদ্ধে তাঁদের ওপর হামলা, মারধর ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ তোলেন তিনি। এসব ঘটনায় ফৌজদারি মামলা নম্বর-২৫৬/২০২৩ ও ১০২/২০২৫ বিচারাধীন।
সংবাদ সম্মেলনে চার দফা দাবি জানানো হয়:
আদালতের নির্দেশনা বাস্তবায়ন করে অবিলম্বে সব নির্মাণকাজ বন্ধ করা, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বেজমেন্টের দোকানগুলো সিলগালা করা,আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা
অভিযোগ অস্বীকার করে খতিব আবুল কালাম আজাদ বলেন, “এগুলো মিথ্যা বানোয়াট। আমি কমিটির কেউ না।” বর্তমান কমিটির সভাপতি ডা. আব্দুর রশিদ ও সাবেক সভাপতি ডা. ইকবাল বারীও অভিযোগ অস্বীকার করে ব্যস্ততার কথা জানান এবং সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করতে বলেন
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিক বলেন,সেই সময় আমি ইমারত কমিটির মেম্বার ছিলাম। মামলা ছিল সেজন্য অনুমোদন দেওয়া হয়নি।
আমিনুর রহমান বাচ্চু বলেন,আমরা কোনো সংঘাত চাই না,আদালতের নির্দেশনা বাস্তবায়ন ও আইনের শাসন প্রতিষ্ঠাই আমাদের একমাত্র দাবি।



আপনার মতামত লিখুন