জাতীয় স্টার্টআপ প্রতিযোগিতায় অনন্য স্বীকৃতি পেল রুয়েট শিক্ষার্থীদের উদ্ভাবিত ‘চর্চা
জাতীয় পর্যায়ের ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ প্রতিযোগিতায় অনন্য সাফল্য অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত দেশের অন্যতম শীর্ষ শিক্ষা-প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ ‘চর্চা’। সাফল্যের স্বীকৃতি স্বরূপ এবং এই স্টার্টআপকে এগিয়ে নিতে গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে ‘চর্চা’র প্রতিনিধিদের হাতে ১০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন।
রুয়েটের শিক্ষার্থী রায়হান উল ইসলাম ও নাফিস রায়হান তাদের দলের সদস্যদের নিয়ে ‘চর্চা’ প্রতিষ্ঠা করেন। ২০২১ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় অনুশীলনের সীমাবদ্ধতা অনুভব করা থেকেই এই উদ্যোগের শুরু। বর্তমানে রাজশাহী থেকেই অর্ধশতাধিক সদস্যের কারিগরি দল এই স্টার্টআপ প্ল্যাটফর্মটিকে এগিয়ে নিতে গবেষণা, উন্নয়ন ও পরিচালনার কাজ করছেন।
সহজ কথায়, ‘চর্চা’ হলো পরীক্ষার প্রস্তুতির জন্য অনুশীলন ও শেখার একটি প্ল্যাটফর্ম। ‘চর্চা কৃত্রিম বুদ্ধিমত্তা’ শিক্ষার্থীদের পাঠ্যবই ও তথ্যভাণ্ডারের ভিত্তিতে তথ্যসূত্রসহ প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর দুর্বলতা বিশ্লেষণ করে দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় অনুশীলনের পরামর্শ প্রদান করে। ‘চর্চা’ বাংলাদেশের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক ব্যক্তিকেন্দ্রিক স্ব-শিক্ষণ প্ল্যাটফর্ম, যার মাধ্যমে এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভর্তি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব। প্ল্যাটফর্মটিতে ৩০ লক্ষাধিক প্রশ্ন, সীমাহীন মডেল পরীক্ষা, সরাসরি অনুশীলনী পরীক্ষা, তাৎক্ষণিক প্রতিযোগিতা, ব্যক্তিগত অগ্রগতি বিশ্লেষণ, মেধাতালিকা, ধারাবাহিক অনুশীলন ব্যবস্থাসহ কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর শিক্ষা-সহায়ক সুবিধা রয়েছে।
যাত্রা শুরুর পর থেকেই ‘চর্চা’ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা ১৫ লাখেরও বেশি। এর মধ্যে মাসিক সক্রিয় ব্যবহারকারী ৫ লক্ষাধিক এবং প্রতি মাসে ২০ লক্ষাধিক মডেল পরীক্ষা সম্পন্ন হচ্ছে। দেশের অন্যতম জনপ্রিয় পরীক্ষা-ভিত্তিক শিক্ষা প্ল্যাটফর্ম হিসেবে ইতিমধ্যেই লাখো শিক্ষার্থীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ‘চর্চা’।
এ বছর ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ প্রতিযোগিতায় সারা দেশ থেকে মাত্র ছয়টি স্টার্টআপ ১০ লাখ টাকার অনুদান লাভ করে। এছাড়া ১৫টি স্টার্টআপ তাদের উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শনের জন্য স্টল স্থাপনের সুযোগ পায় এবং মাত্র চারটি স্টার্টআপ জাতীয় মঞ্চে নিজেদের সফলতার গল্প তুলে ধরার সুযোগ লাভ করে। তাদের মধ্যে ‘চর্চা’ই একমাত্র স্টার্টআপ, যা স্টল প্রদর্শন, অনুদান অর্জন এবং সফলতার গল্প উপস্থাপন— এই তিনটি বিভাগেই নির্বাচিত হয়ে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রাখে।



আপনার মতামত লিখুন