রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু
উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা মহোৎসব।
বৃহস্পতিবার বিকেলে নগরীর দুটি স্থানে পৃথকভাবে এই রথযাত্রার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) রাজশাহীর উদ্যোগে নগরীর রেশমপট্টি শ্রী শ্রী দিগম্বর জৈন ঠাকুর মন্দির বাড়ির সামনে থেকে একটি বর্ণাঢ্য রথযাত্রা বের করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রার উদ্বোধন করেন রাসিক প্রশাসক। এ সময় ইসকন রাজশাহীর অধ্যক্ষ রামেশ্বর গৌর দাস ব্রহ্মচারীসহ ইসকনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে,সাহেব বাজার জিরোপয়েন্টে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর আয়োজিত রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন তিনি। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উদ্বোধনকালে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। যার যার ধর্ম সে নির্বিঘ্নে পালন করবে, আর সবাই পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থেকে একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলবে এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন,ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে রাজশাহী মহানগরীর প্রতিটি নাগরিকের কল্যাণ ও উন্নয়নে কাজ করাই আমাদের অঙ্গীকার। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য রাজশাহী গড়ে তুলতে চাই।
এ সময় রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা, রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মিল্টু কুমার সরকার, কোষাধ্যক্ষ অশোক কুমার সাহা সহ মহানগর ও থানা বিএনপির নেতৃবৃন্দ এবং ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছর চান্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। ৯ দিন পর অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। এবারের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুলাই।

আপনার মতামত লিখুন