রাজশাহীর মোহনপুরে ৩১ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক
রাজশাহীর মোহনপুরে র্যাব-৫ এর অভিযানে ৩১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ট্রাক চালকসহ আরেক আসামি পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত ৩টা ১০ মিনিটে মোহনপুর থানাধীন কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, মোহনপুর উপজেলার বাকশৈল গ্রামের মৃত কিতাব আলীর ছেলে মোঃ মুকুল ওরফে কালু (৪০)। পলাতক আসামি ট্রাক চালক মোঃ রাজু মিয়া (২০)।
র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী সদর কোম্পানির একটি চৌকস দল ওই মহাসড়কে অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজাসহ মুকুলকে হাতেনাতে আটক করে। এ সময় তার সহযোগী ট্রাক চালক রাজু কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বিভিন্ন কৌশলে গাঁজা সংগ্রহ করে মোহনপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব।



আপনার মতামত লিখুন