মন্ত্রীর নির্দেশে পরিবেশবান্ধব নাসিরের কর্মকাণ্ড পরিদর্শন করলো পরিবেশ অধিদপ্তর
নীরবে পরিবেশ সংরক্ষণে প্রশংসনীয় ভূমিকার অধিকারী বিয়ানীবাজারের সেই নাসির উদ্দিনের কর্মকাণ্ড পরিদর্শন করে উপহার দিলো পরিবেশ অধিদপ্তর।
সরকারের নজরে পড়েছে সিলেটের বিয়ানীবাজারের নাসির উদ্দিনের পরিবেশবান্ধব কর্মকান্ড। দেশের একটি জনপ্রিয় দৈনিক পত্রিকায় প্রকাশিত “নীরবে কাজ করছেন নাসির” শীর্ষক সংবাদ তথ্য অধিদফতরের প্রেস ক্লিপিংসের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর দৃষ্টিগোচর হলে তিনি বিষয়টি সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেন।
তার নির্দেশনা অনুযায়ী ১৮ জুলাই (শনিবার) পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের একটি প্রতিনিধিদল পরিবেশ সংরক্ষণে নীরব প্রশংসনীয় ভূমিকা রাখায় পরিবেশবান্ধব নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এবং তাকে সৌজন্য উপহার প্রদান দেন।
প্রতিনিধিদলে ছিলেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবু বকর ছিদ্দিকী, পরিদর্শক মো. মামুনুর রশিদ এবং প্রসেস সার্ভার মনিরুজ্জামান।
এ সময় তাঁরা নাসির উদ্দিনের সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করেন এবং তাঁর পরিবেশবান্ধব কার্যক্রম নিবিড়ভাবে পরিদর্শন করেন।
নাসির উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা।
পরিবেশ সংরক্ষণে নিরবে কর্মযজ্ঞ যেন তার প্রতিদিনের ঘটনা এমনটাই যেন স্থানীয় জনতা।
তথ্য অধিদপ্তর জানায়, নাসির উদ্দিনের বিষয়টি তথ্য অধিদফতরের প্রেস ক্লিপিংসের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর দৃষ্টিগোচর হলে তিনি বিষয়টি সরেজমিনে পরিদর্শনের নির্দেশ প্রদান করেন। পরিদর্শনকালে গ্রামের রাস্তাঘাটে কোনো আবর্জনা কিংবা গবাদি পশুর মলমূত্র চোখে পড়েনি, যা তাঁর আন্তরিক প্রচেষ্টারই প্রতিফলন।
পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা তাঁর এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের সামাজিক উদ্যোগ আরও বিস্তৃত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয় সচেতন মহল জানান, নাসির উদ্দিন প্রতিদিন ফজরের নামাজ আদায়ের পর গ্রামের রাস্তাঘাট, নালা-নর্দমা ও ছড়া পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে স্বতঃস্ফূর্তভাবে নেমে পড়েন। বৃষ্টি, ঝড় কিংবা বৈরী আবহাওয়াও তাঁকে এ কাজ থেকে বিরত রাখতে পারে না। দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টায় গ্রাম পরিচ্ছন্ন রাখার কাজটি তাঁর দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে।
গ্রামের মুরব্বীরা জানান, পরিবেশ সংরক্ষণে তাঁর এই নিঃস্বার্থ উদ্যোগ সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং বিশেষ করে তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



আপনার মতামত লিখুন