রাজশাহীতে বিশ্বব্যাংকের অর্থায়নে আরইউটিডিপি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনের টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
সভায় প্রশাসক বলেন, রাজশাহী নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সব শ্রেণি-পেশার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। নাগরিক মতামতের ভিত্তিতেই হবে রাজশাহীর উন্নয়ন।
তিনি বলেন, নগরীতে অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, জলাবদ্ধতা নিরসন, ড্রেন পরিষ্কার এবং সবুজায়নসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। টেকসই, পরিকল্পিত ও জলবায়ু সহনশীল নগরী গড়তে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।
তিনি আরও জানান, সোনাদিঘী মসজিদের সম্প্রসারণ, কেন্দ্রীয় উদ্যান ও শহীদ জিয়া শিশু পার্কের উন্নয়ন, গুলগোফুর পেট্রোল পাম্প থেকে সাহেববাজার সড়কের সংস্কার এবং রেলগেট, বর্ণালী, তালাইমারী মোড় ও নওদাপাড়া আমচত্বরসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রশস্ত ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাঠ পর্যায়ের সমস্যা চিহ্নিত করে নতুন প্রকল্প গ্রহণ করা হবে।
সভায় আরইউটিডিপি প্রকল্পের সার্বিক কার্যক্রম, বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ। নগর পরিকল্পনাবিদ বনি আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তর, ব্যবসায়ী সংগঠন, গণমাধ্যম, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় বক্তারা নগর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে রাসিক প্রশাসনের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় মতামত তুলে ধরেন।
সভায় রাসিকের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান, প্রকল্পের কর্মকর্তা ও সমন্বয় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন