আরএমপির মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় তাদের কাছ থেকে হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।
আরএমপি সূত্রে জানা যায়, গত ২০ জুলাই রাত পৌনে ১১টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) রাজপাড়া থানার বহরমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকার রোকন উদ্দিনের ছেলে মোঃ সেন্টু মিয়া (৫৫) ও তার স্ত্রী মিতা পারভীন (৪৫) কে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১.৫০ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৮৬০ টাকা জব্দ করা হয়।
অপরদিকে একই দিন রাত পৌনে ৪টার দিকে পবা থানা পুলিশ পিল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ হাসিবুল ইসলাম (৪৬) কে গ্রেপ্তার করে। তিনি শাহমখদুম থানার নতুন ফুদকিপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে এবং বর্তমানে কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৬০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের অপরাধের পূর্ব রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, হাসিবুল ইসলামের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় বিশেষ ক্ষমতা আইনে ২টিসহ আরএমপির বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। সেন্টু মিয়ার বিরুদ্ধে রাজপাড়া থানায় ৩টি ও গোদাগাড়ী থানায় ১টি মাদক মামলা এবং তার স্ত্রী মিতা পারভীনের বিরুদ্ধে রাজপাড়া থানায় ১টি পেনাল কোড ও ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।
আরএমপি জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



আপনার মতামত লিখুন