রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ৪২২ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ আটক
রাজশাহী সীমান্তে অভিযান চালিয়ে নৌকাসহ ৪২২ বোতল ভারতীয় নিষিদ্ধ Escuf সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২২ জুলাই) ভোর আনুমানিক ৬টা ৪৫ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খিদিরপুর বিওপির সদস্যরা এই অভিযান পরিচালনা করে।
১ বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক-নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান, মাদকদ্রব্য এবং নারী ও শিশু পাচার রোধে রাজশাহী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, কাটাখালী থানাধীন লটাবন এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে খিদিরপুর বিওপির আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পদ্মার চরের ঝাউ বনের মধ্যে অবস্থান নেয়।
এসময় দুইজন মাদক কারবারী একটি নৌকা যোগে নদীর পাড়ে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে কারবারীরা নৌকা ফেলে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৪২২ বোতল ভারতীয় Escuf সিরাপ জব্দ করা হয়।
জব্দকৃত মাদক ও নৌকা কাটাখালী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পলাতক চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেন।



আপনার মতামত লিখুন