কক্সবাজারে ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস,শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
টেকসই ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে দুই দিনব্যাপী ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস,শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কর্ডএইড (Cordaid) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর যৌথ উদ্যোগে কক্সবাজার লং বিচ হোটেলের কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। সমাপনী শেষে তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন,রাজশাহী সিটি কর্পোরেশন সমন্বিত ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলার ক্ষেত্রে দেশে দৃষ্টান্ত স্থাপন করেছে। আধুনিক ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, দক্ষ সংগ্রহ, কার্যকর পরিবহন এবং সুশৃঙ্খল নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে রাসিক আজ দেশের অন্যান্য সিটি কর্পোরেশন ও পৌরসভার জন্য অনুকরণীয় মডেল।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইএলও কক্সবাজার অফিসের হেড রুচিকা বাহেল এবং কর্ডএইডের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মো. এহসানুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন।
দুই দিনব্যাপী এ কর্মশালায় উৎসভিত্তিক বর্জ্য পৃথকীকরণ, দক্ষ সংগ্রহ ও পরিবহন, নিরাপদ নিষ্পত্তি, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের কার্যকর ব্যবহার, পরিচ্ছন্নতা কর্মীদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি বিষয়ে বিস্তারিত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।
কর্মশালায় কক্সবাজার, টেকনাফ, মহেশখালী ও চকরিয়া পৌরসভার প্রতিনিধি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও শ্রম পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।



আপনার মতামত লিখুন