রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬
রাজশাহীতে পদ্মা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাবা ও ছেলে নিখোঁজ রয়েছেন। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নগরীর পদ্মা গার্ডেন সংলগ্ন মাঝনদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন, নগরীর কাটাখালী থানার শ্যামপুর বালুরঘাট এলাকার বাসিন্দা মো. আফছার আলী ও তার ছেলে মো. জিয়ারুল হক।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে চর মাজারদিয়া এলাকা থেকে ঝাউগাছ বোঝাই করে ৮ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা নগরীর লালন শাহ মুক্তমঞ্চ ঘাটের দিকে আসছিল। নৌকাটি মাঝনদীতে পৌঁছালে অতিরিক্ত ঢেউয়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
এ সময় নদী তীরে থাকা অন্য নৌকার মাঝি ও স্থানীয়রা দ্রুত উদ্ধারে এগিয়ে আসেন। তাদের তৎপরতায় ৬ যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে প্রবল স্রোতে তলিয়ে যান আফছার আলী ও তার ছেলে।
খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের বা ডুবে যাওয়া নৌকার সন্ধান মেলেনি।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মঞ্জিল হক বলেন,খবর পাওয়া মাত্রই আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। নিখোঁজ দুজনকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।



আপনার মতামত লিখুন