চৌমুহনীতে প্রায় ১৪ কোটি টাকার খাল খনন ও ওয়াকওয়ে নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি বরকত উল্যাহ বুলু
নোয়াখালীর চৌমুহনীতে প্রায় ১৩ কোটি ৯৭ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে খাল খনন, উন্নয়ন এবং খালপাড়ে ওয়াকওয়ে নির্মাণ প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বরকত উল্যাহ বুলু।
বুধবার (৩০ জুলাই) দুপুর ১২টায় চৌমুহনীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে তিনি এ উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন উপলক্ষে চৌমুহনী পৌরসভা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু বলেন, চৌমুহনীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরবাসীর জন্য একটি আধুনিক ও মনোরম হাঁটার পরিবেশ তৈরিতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজের মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাস, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দীন হারুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, বিএনপি নেতা শাহ আব্দুল্লাহ আল বাকী, মো. মহসীন, চৌমুহনী পৌরসভার সচিব জাকির হোসেন, প্রকৌশলী ফজলুর রহমান এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ইউসুফ আলী।
জানা যায়, ১৩ কোটি ৯৭ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় খাল খনন, খালের উন্নয়ন, তীর সংরক্ষণ এবং খালপাড়ে আধুনিক ওয়াকওয়ে নির্মাণ করা হবে। প্রকল্পটির কাজ আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠান শেষে সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু প্রকল্প এলাকার প্রস্তাবিত খাল খনন, উন্নয়ন ও ওয়াকওয়ে নির্মাণস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন এবং কাজের অগ্রগতি ও গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে চৌমুহনীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে কমবে। একই সঙ্গে নগরবাসী একটি পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও নিরাপদ হাঁটার পরিবেশ পাবেন, যা শহরের সৌন্দর্য বৃদ্ধি ও নাগরিক জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



আপনার মতামত লিখুন