ডিমলার বুড়িতিস্তা ব্যারেজের ৮টি জলকপাট সচল, কুঠিরডাঙ্গার জলাবদ্ধতা নিরসনে কাজ পরিদর্শনে এমপি আব্দুস সাত্তার
নীলফামারীর ডিমলা উপজেলার বুড়িতিস্তা ব্যারেজের দীর্ঘদিন ধরে অচল থাকা ৮টি জলকপাট (স্লুইস গেট) মেরামত করে পুনরায় সচল করা হয়েছে। এতে কুঠিরডাঙ্গা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের আশা জেগেছে স্থানীয়দের মধ্যে।
দীর্ঘদিন ধরে জলকপাটগুলো বন্ধ থাকায় কুঠিরডাঙ্গা এলাকার হাজার হাজার বসতবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমি পানিবন্দি হয়ে পড়ে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।
স্থানীয়দের দাবি ও সমস্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মো. আব্দুস সাত্তার প্রয়োজনীয় উদ্যোগ নেন। তাঁর প্রচেষ্টায় নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (এক্সইএন) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা দীর্ঘদিনের অচল ৮টি জলকপাট মেরামত করে পুনরায় চালু করেন।
শনিবার সংসদ সদস্য মো. আব্দুস সাত্তার বুড়িতিস্তা ব্যারেজে গিয়ে মেরামত কাজ ও জলকপাটের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যা আর সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে জলকপাট সচল করায় সন্তোষ প্রকাশ করেছেন। তাদের আশা, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম অব্যাহত থাকলে ভবিষ্যতে জলাবদ্ধতা কমবে, কৃষিজমিতে পানি নিষ্কাশন স্বাভাবিক হবে এবং এলাকার মানুষের দুর্ভোগও অনেকাংশে লাঘব হবে।



আপনার মতামত লিখুন