সাতক্ষীরায় হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে
সাতক্ষীরা শহরের পলাশপোলে BLISS হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে খুলনা মোড় সংলগ্ন চৌরঙ্গীর মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই আগুন নিয়ন্ত্রণ ও হাসপাতালসংলগ্ন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে পৌঁছায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমানের নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি সদস্য প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে সহায়তা করেন।
এদিকে, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের রোগীদের বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় নিরাপদে অন্যত্র স্থানান্তর করা হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা এতে হাসপাতালের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



আপনার মতামত লিখুন