মাদারগঞ্জে আল আকাবা সমবায়ের ৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলার পলাতক আসামি সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার
জামালপুরের মাদারগঞ্জে আলোচিত আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলার পলাতক আসামি এবং মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির আবদুল ওয়াহেদকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
বুধবার (৫ আগস্ট) দুপুরে র্যাব-১৪, জামালপুর সিপিসি-১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর জেলা শহরের বাইপাস এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ৪ মে মাদারগঞ্জ উপজেলার আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবদুল ওয়াহেদের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে র্যাব-১৪ তাকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও অভিযান শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবদুল ওয়াহেদ একসময় মাদারগঞ্জ উপজেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমানে তিনি দলের কোনো সাংগঠনিক পদে নেই বলে জানিয়েছেন জেলা জামায়াতের মিডিয়া সেলের সদস্য জাকিউল ইসলাম।
র্যাব-১৪ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, আল আকাবা বহুমুখী সমবায় সমিতির বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে দীর্ঘদিন ধরে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। পাওনা টাকা ফেরতের দাবিতে বিভিন্ন সময় বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা। এই মামলায় আবদুল ওয়াহেদের গ্রেপ্তারকে তদন্তের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।



আপনার মতামত লিখুন