ধামইরহাটে মানবতার এক অন্যন্য উদাহরণ সৃষ্টি করেছেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ
নওগাঁর ধামইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজ কেবল একজন দাপ্তরিক কর্মকর্তাই নন, বরং তিনি সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছেন আস্থার ও বন্ধুত্বের এক প্রতীক। দাপ্তরিক কাজের গণ্ডি পেরিয়ে তাঁর মানবিক উদ্যোগ এবং সেবামুখী মানসিকতা পুরো ধামইরহাট জুড়ে দারুণ প্রশংসিত হচ্ছে।
সাধারণত ভূমি অফিস বলতেই সাধারণ মানুষের মনে দীর্ঘ লাইন, নানা জটিলতা আর দালাল চক্রের হয়রানির এক নেতিবাচক চিত্র ভেসে ওঠে। কিন্তু এই ধারণা পাল্টে দিয়েছেন তরুণ ও প্রদীপ্ত এই কর্মকর্তা। যোগদানের পর থেকেই তিনি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে নিরলস কাজ করে যাচ্ছেন। বিশেষ করে বয়স্ক, নারী, ও প্রান্তিক কোনো মানুষ ভূমি অফিসে সেবা নিতে আসলে তিনি নিজে দাঁড়িয়ে থেকে তাদের প্রতি বিশেষ সহানুভূতিশীল আচরণ করেন এবং দ্রুত সেবা নিশ্চিত করেন।
অফিসে দালালদের দৌরাত্ম্য রোধ এবং সাধারণ মানুষকে দালালদের হয়রানি থেকে মুক্ত করতে তিনি অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। জনগণের ভোগান্তি কমাতে তিনি নিয়মিত গণশুনানি ও মাঠ পর্যায়ে তদারকি করেন, যাতে সাধারণ মানুষ কোনো মধ্যস্বত্বভোগীর শিকারে পরিণত না হয়। এছাড়া বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমে তাঁর স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের প্রতি তাঁর আন্তরিক সম্মানবোধ তাঁকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে গেছে।
সাজ্জাদ পারভেজের মতো তরুণ, সৎ এবং জনবান্ধব কর্মকর্তারা যখন প্রশাসনিক দায়িত্বে আসেন, তখন সরকারের সেবা প্রকৃত অর্থেই মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। তাঁর এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকা ধামইরহাটবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে।



আপনার মতামত লিখুন