শ্রীপুরে ঢেঁকি দিয়ে দরজা ভেঙে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
গাজীপুরের শ্রীপুরে ঢেঁকি দিয়ে দরজা ভেঙে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যাওয়ার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
(৬ আগস্ট) বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পাঁচলটিয়া গ্রামের মো. আব্দুস সামাদ মোল্লার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. আব্দুস সামাদ মোল্লার স্ত্রী সুরাইয়া খাতুন বলেন, ‘শ্বশুরবাড়ি থেকে মেয়েরা বেড়াতে এসেছে। তাদের নিয়ে রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। রাত অনুমান ২টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা ঢেঁকি দিয়ে দরজা ভেঙে ঘরে ডুকে পড়ে। কিছু বুঝে উঠার আগেই ডাকাত দল আমাদের মোবাইল নিয়ে যায়। পড়ে প্রায় ৩০ মিনিট সময় সকল কিছু ডাকাতি করে। আমরা প্রাণের ভয়ে ডাকচিৎকার করতে পারিনি। প্রথমে কালো কাপড়ে মুখ বাঁধা ডাকাত দলের চার সদস্য ঘরে প্রবেশ করে। আরও চার থেকে পাঁচজন বাইরে থাকে। প্রত্যেকের হাতে ছিলো ধারালো রামদা লম্বা ছুরি। ডাকাতেরা আমাদের সবাইকে গলায় ছুরি ধরে জিম্মি করে। ঘরের সকল আসবাব তছনছ করে। একপর্যায়ে শ্বশুরবাড়ি থেকে আসা মেয়েদের ১৭ ভরি স্বর্ণালংকার নগদ এক লাখ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নেয়।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তিনিও ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মতামত লিখুন