২৫ পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধের চেষ্টা, চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর মহানগরীর হাড়িনাল উত্তরপাড়ায় ২৫টি পরিবার ও মসজিদে যাতায়াতের রাস্তা বন্ধের অপচেষ্টা, চাঁদা দাবি, অতর্কিত হামলা এবং ছিনতাইয়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় গাজীপুর মহানগরী সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী পরিবারগুলো। সংবাদ সম্মেলনে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ঠিকাদার মনসুর আহমেদ। তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় নাছির উদ্দিন বিপ্লব, খাইরুল ইসলাম ও আজিজুল হাকিমের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র এলাকার ২৫টি পরিবার এবং মসজিদে মুসল্লিদের যাতায়াতের রাস্তাটি দখলের অপচেষ্টা চালাচ্ছে। রাস্তাটি ব্যবহারের বিনিময়ে অভিযুক্তরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে এবং এ নিয়ে আদালতে মিথ্যা মামলা দিয়ে স্থানীয়দের হয়রানি করছে।
তিনি আরও জানান, গত ২৮ জুলাই অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক যাতায়াতের রাস্তায় প্রাচীর নির্মাণের চেষ্টা চালায়। এতে বাধা দিলে তারা সাধারণ মানুষের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় মনসুর আহমেদ নিজে, বৃদ্ধ হেদায়েত উল্লাহ ও রোকেয়া মফিজ গুরুতর আহত হন। এসময় হামলাকারীরা মসজিদ নির্মাণের জন্য রক্ষিত ৭০ হাজার টাকাসহ নগদ ১ লাখ ৫ হাজার টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
এ ঘটনায় গাজীপুর সদর মেট্রো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তদের তৎপরতা থামেনি; বরং তারা ভুক্তভোগীদের প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলন থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা দখলমুক্ত করা এবং স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন