নওগাঁয় স্বপ্ন বুনছেন কমলা চাষি উত্তম চন্দ্র: ড্রিপ সেচে সাফল্যের গল্প
কমলার সোনালী হাসিতে এখন মুখরিত নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের দক্ষিণ খন্ডা গ্রামের কৃষক উত্তম চন্দ্র বর্মনের বাগান। কম খরচে ও পানি সাশ্রয় করে সফলভাবে কমলা চাষের এই অনন্য নজির দেখতেই তাঁর বাগানে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত কৃষক মাঠ দিবস।
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর ‘গোফরইমপ্যাক্ট’ কর্মসূচির আয়োজনে এবং সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের ফোঁটা ফোঁটা পানি দিয়ে গাছ সচল রাখার আধুনিক ‘ড্রিপ সেচ’ প্রযুক্তি হাতে-কলমে দেখানো হয়।
অনুষ্ঠানে বিএমডিএ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ড্রিপ ইরিগেশন বিডি লিমিটেডের স্থানীয় কর্মকর্তাসহ ইএসডিও-এর প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞরা জানান, প্রাথমিক খরচ কিছুটা থাকলেও দীর্ঘমেয়াদে এই প্রযুক্তি কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক ও সাশ্রয়ী। উত্তমের এই সফল বাগান এবং মাঠ দিবসের এই উদ্যোগ স্থানীয় কৃষকদের মাঝে আধুনিক ও টেকসই কৃষি নিয়ে নতুন আশার আলো জাগিয়েছে।

আপনার মতামত লিখুন