আরডিএ মার্কেট পরিদর্শনে চেয়ারম্যান, আধুনিক মার্কেট গড়ার আশ্বাস
দীর্ঘদিনের জলাবদ্ধতাসহ নানা অব্যবস্থাপনায় জর্জরিত রাজশাহীর আরডিএ মার্কেট পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
বুধবার১২আগস্ট২০২৬ইং বেলা ১১টায় মার্কেট পরিদর্শনে গিয়ে তিনি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন।
এসময় ব্যবসায়ীরা চেয়ারম্যানের কাছে মার্কেটের দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরেন। ব্যবসায়ীরা জানান, সামান্য বৃষ্টিতেই মার্কেটের ভেতরে হাঁটু পানি জমে যায়। জলাবদ্ধতার কারণে ক্রেতারা মার্কেটে আসতে চান না। ফলে চরম ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। দীর্ঘদিন ধরে বারবার অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার মেলেনি।
জবাবে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন,আমার স্বপ্ন রাজশাহীতে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন মার্কেট গড়ে তোলা। আমি জানি,এই মার্কেটে অনেক সমস্যা জমে আছে।আন্তরিকতা থাকলে সব সমস্যারই সমাধান সম্ভব। তবে এজন্য ব্যক্তিস্বার্থ ভুলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন,আমি চাই এখানে আধুনিক কিছু হোক। আপনারা আমাকে সহযোগিতা করুন,আমি সবসময় আপনাদের পাশে থাকব।
মার্কেটের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রশংসা করে চেয়ারম্যান বলেন,এটি অত্যন্ত ইতিবাচক দিক যে, এই মার্কেটে কোনো চাঁদাবাজি বা ছিনতাইয়ের ঘটনা নেই। এমন শান্তিপূর্ণ পরিবেশে সম্মিলিত উদ্যোগ নিলে ভালো কিছু করা অবশ্যই সম্ভব।
পরিদর্শনকালে ব্যবসায়ীরা আবেগাপ্লুত হয়ে বলেন,আমরা বিগত চেয়ারম্যানের আমলে কোনো সহযোগিতা পাইনি। আমরা আশাবাদী, বর্তমান চেয়ারম্যান আমাদের দুঃখ বুঝবেন এবং মার্কেটের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবেন।
পরে চেয়ারম্যান মার্কেটের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।
পরিদর্শনকালে আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃমসিউর রহমান,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিক,নগর পরিকল্পক রাহেনুল ইসলাম রনী,এস্টেট অফিসার কামরুজ্জামানসহ আরডিএর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া আরডিএ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ হাসান,সহ-সভাপতি আলহাজ রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলীসহ সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন