খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নোভোরোসিস্ক নৌঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনীয় সামরিক বাহিনীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
নোভোরোসিস্ক নৌঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনীয় সামরিক বাহিনীর

ঢাকার ডাক আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কৃষ্ণসাগরীয় অঞ্চলের নোভোরোসিস্ক নৌঘাঁটিতে একটি বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। এ হামলায় রাশিয়ার অন্তত চারটি যুদ্ধজাহাজ এবং নোভোরোসিস্ক বন্দরে দুটি প্রধান শস্য রফতানি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও হামলায় আট বছরের এক শিশুসহ তিনজন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রুশ ঘাঁটিতে আঘাত হানার জন্য কিয়েভ রকেট, যুদ্ধবিমান এবং নৌড্রোন নিয়ে একটি অনন্য অভিযান চালিয়েছে। জেলেনস্কি আরও বলেন, ‘যতক্ষণ রুশ আগ্রাসন অব্যাহত থাকবে, ততক্ষণ দখলদার নৌবহর এবং তাদের কোনো অবকাঠামো নিরাপদ থাকবে না।

এদিকে ইউক্রেনীয় সামরিক বাহিনী দাবি করেছে, হামলায় দুটি ফ্রিগেটসহ রাশিয়ার চারটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ক্রেমলিনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

প্রসঙ্গত, নোভোরোসিস্ক রাশিয়ার বৃহত্তম বন্দরগুলোর একটি। দেশটির কৃষ্ণ সাগরীয় নৌবহরের বেশিরভাগ অংশই বর্তমানে এই বন্দরে নোঙর করা রয়েছে। ইউক্রেনীয় হামলার মুখে অরক্ষিত হয়ে পড়ায় রুশ বাহিনী তাদের আগের প্রধান ঘাঁটি- রুশ-দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপল ছেড়ে এখানে চলে আসতে বাধ্য হয়েছিল।

একটি প্রধান শস্য বিপণন কোম্পানি রাশিয়ার তাস বার্তা সংস্থাকে তাদের টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া অন্য একটি কোম্পানি রয়টার্স এবং রুশ সংবাদমাধ্যম আরবিকে একই তথ্য জানিয়েছে। নোভোরোসিস্কের ওপর সারারাত ধরে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বন্দরের আশেপাশের এলাকায় ড্রোন হামলায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং শহরের পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বুধবার শহরটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানিয়েছেন, এই অঞ্চলে ড্রোনের ভাঙা অংশের আঘাতে একজন নিহত হয়েছেন।ক্রাসনোদার অঞ্চলের বেশ কয়েকটি স্থানেও “কয়েকশ ড্রোন” দিয়ে রাতভর হামলা চালানো হয়েছে এবং বসতবাড়িসহ কয়েক ডজন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে রুশ কৃষি মন্ত্রণালয় বুধবার ঘোষণা করেছে, তারা পণ্যবাহী জাহাজের রুট পরিবর্তন করে বাল্টিক ও কাস্পিয়ান সাগরের বন্দরগুলোর পাশাপাশি স্থলপথ ব্যবহারের কাজ করছে।ইউক্রেনের হামলার কোনো উল্লেখ না করলেও মন্ত্রণালয় জানিয়েছে, ‘বর্তমান লজিস্টিক সীমাবদ্ধতার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে

 

 

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস