কালিয়াকৈরে গজারী বনে গার্মেন্টস কর্মকর্তার মুখ পোড়ানো লাশ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গলাচিপা এলাকার গহীন গজারী বন থেকে নিখোঁজের তিন দিন পর মশিউর রহমান(৪৫) নামে এক গার্মেন্টস কর্মকর্তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের গলায় রশি প্যাঁচানো ও মুখমণ্ডল পুড়ে যাওয়ার আলামত পাওয়ায় এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত মশিউর রহমান রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার রাজভল্লবপুর এলাকার মৃত হাজী আমজাদ হোসেনের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার দোকানপাড়া এলাকার জেএম নামের একটি পোশাক কারখানায় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বসবাস করতেন গাজীপুর সদর উপজেলার বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার ২৭ আগস্ট থেকে মশিউর রহমান নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।
শনিবার দুপুরে গলাচিপা গজারী বনের ভেতর থেকে তীব্র পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। তারা বনের ভেতরে গিয়ে একটি গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় অর্ধগলিত লাশ দেখতে পান। লাশের অধিকাংশ অংশ মাটির সাথে লেগে ছিল। গলায় রশি প্যাঁচানো ছিল এবং মুখমণ্ডল কালো হয়ে পুড়ে গেছে।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার পরিদর্শক অপারেশন রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে লাশটি এখানে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। লাশের পরিচয় শনাক্ত করা না যায় সেজন্য মুখমণ্ডলে আগুন দেওয়ার চেষ্টাও করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
মশিউর রহমানের কর্মস্থল জেএম গার্মেন্টসের সহকর্মীরা জানান, তিনি অত্যন্ত ভদ্র ও কর্মঠ ছিলেন। তার এমন মৃত্যুতে কারখানা ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ বলছে, মশিউরের সাথে কারও শত্রুতা ছিল কিনা বা আর্থিক লেনদেনের জের আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।



আপনার মতামত লিখুন