সরাসরি আসুন, কথা বলুন’—ভালুকা এসিল্যান্ডের বার্তা
সরকারি দপ্তরে কর্মকর্তার কক্ষে প্রবেশ করতে সাধারণত অনুমতির অপেক্ষা করতে হয়। তবে সেই প্রচলিত চিত্র বদলে দিয়ে ময়মনসিংহের ভালুকা উপজেলা ভূমি কার্যালয়ে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইনের কক্ষের সামনে টাঙানো হয়েছে দুটি নির্দেশনা—‘ভিতরে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই’ এবং ‘জুতা নিয়ে ভিতরে প্রবেশ করুন’।
এ উদ্যোগের ফলে সেবাগ্রহীতারা কোনো ধরনের সংকোচ বা অপেক্ষা ছাড়াই সরাসরি কর্মকর্তার সঙ্গে দেখা করে নিজেদের সমস্যার কথা জানাতে পারছেন। নামজারি, ভূমি উন্নয়ন কর, খাসজমি, জমির মালিকানা, পর্চা-রেকর্ড, জমি মাপজোকসহ বিভিন্ন বিষয়ে সেবা নিতে আসা মানুষ এতে স্বস্তি প্রকাশ করেছেন।
সেবাগ্রহীতাদের ভাষ্য, কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ থাকায় সমস্যার কথা সহজে তুলে ধরা যাচ্ছে। পাশাপাশি জুতা খুলে রাখার বাধ্যবাধকতা না থাকায় অফিসে আসা মানুষের ভোগান্তিও কমেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন বলেন, “মানুষ ভূমি অফিসে সেবা নিতে আসেন, অযথা অপেক্ষা করতে নয়। নাগরিকরা যেন সহজে তাদের সমস্যার কথা জানাতে পারেন এবং প্রয়োজনীয় সেবা পান, সে লক্ষ্যেই এ ব্যবস্থা চালু করা হয়েছে।”
তিনি আরও বলেন, “জনবান্ধব ও স্বচ্ছ ভূমি প্রশাসন গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”



আপনার মতামত লিখুন