রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে বিশপ জের্ভাস রোজারিওর সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও।

আজ মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিশপ জের্ভাস রোজারিওর নেতৃত্বে ক্যাথলিক ধর্মপ্রদেশের একটি প্রতিনিধি দল ডিআইজি মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে রাজশাহী বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং আসন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানসমূহে নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। এ সময় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
ডিআইজি মোঃ আশিক সাঈদ বলেন, সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যাতে নিরাপদে ও নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে রাজশাহী রেঞ্জ পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। এ ক্ষেত্রে তিনি ধর্মীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীর অধ্যক্ষ ব্রাদার তরেন যোসেফ পালমা, সিএসসি, ফাদার সুব্রত পিউরিফিকেশন, ফাদার লিটন কস্তা, ফাদার সাগর কোড়াইয়া, সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার সুমি কস্তা এবং সিস্টার বিনা রোজারিও।
এ সময় রাজশাহী রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন