রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তিন মাসব্যাপী,ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬শুরু হয়েছে। শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর রাজশাহীর পবা উপজেলায় স্থানীয় কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। পবা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এমপি মিলন বলেন, ডেঙ্গুর সর্বোচ্চ প্রকোপ শুরু হওয়ার আগেই প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী এ অভিযান চলবে। শুধু সরকারি উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য সাধারণ মানুষকে সম্পৃক্ত হতে হবে। প্রতি শনিবার স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হবে। সম্মিলিত পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণ সম্ভব।
পবা উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীন বলেন,ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। প্রতি শনিবার এ অভিযানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করা হবে। তিনি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, জেলা বিএনপির সদস্য সাজাহান আলী,পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



আপনার মতামত লিখুন