রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ৫৪ বোতল ভারতীয় মদ আটক
রাজশাহী সীমান্তে বিশেষ মাদক বিরোধী অভিযানে ৫৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) ভোর রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ বিদিরপুর বিওপি’র টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গোদাগাড়ী থানাধীন শেখেরপাড়া এলাকা দিয়ে ভারত থেকে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।
এমন তথ্যের ভিত্তিতে বিদিরপুর বিওপি’র টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি আম বাগানের ভেতরে দীর্ঘক্ষণ অপেক্ষার পর একজন ব্যক্তিকে আম বাগানের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে ধরার জন্য ধাওয়া করে। এ সময় মাদক কারবারি তার সাথে থাকা বস্তাটি ফেলে পালিয়ে যায়।
পরে বস্তাটি তল্লাশি করে ৫৪ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ (মালিকবিহীন অবস্থায়) জব্দ করা হয়।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানায়, জব্দকৃত মদ গোদাগাড়ী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার সাথে জড়িত মাদক কারবারিকে শনাক্ত করতে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।



আপনার মতামত লিখুন