সাবেক প্রতিমন্ত্রী ডাঃ মুরাদের বাড়িতে ভাঙচুর, গুলি ও অগ্নিসংযোগ
জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানের বাড়িতে অগ্নিসংযোগ,গুলি, ককটেল নিক্ষেপ ও ব্যক্তিগত গাড়ি ভাঙচুুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে বিক্ষুব্ধ ছাত্র-জনতা এ ঘটনা ঘটায়।
প্রত্যক্ষদর্শীরা জানান , মুরাদের বাড়ি থেকে আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় এবং প্লাস্টিকের বোতলে আনা পেট্রোল তার বাড়ির বিভিন্ন স্থানে ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অপরদিকে একই সময় সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার বাড়িতেও ভাঙচুর ও লুটতরাজ চালানো হয়।

স্বৈরাচার পতনের পর থেকেই সপরিবারে পলাতক মুরাদ হাসান। শেখ হাসিনার লাইভ বক্তব্যকে কেন্দ্র করে সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ জেলার বিভিন্নস্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর তার বাড়িতেও একই ঘটনা ঘটে। এসময় মুরাদ হাসানের ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।
ডা. মুরাদ হাসান ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ সালে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচন হলে হাসিনা সরকার তাকে প্রথমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়।

এরইমধ্যে চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে মুরাদ হাসানের একটি অশ্লীল ফোনালাপ ভাইরাল হয়। পরে সরকার তাকে মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়।
সর্বশেষ ২০২৪ সালের সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র থেকে নির্বাচন করে পরাজিত হন।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া জানান, মুরাদ হাসানের বাড়ি ভাঙচুর সংক্রান্ত কোনো অভিযোগ তিনি পাননি।



আপনার মতামত লিখুন