কুলাউড়ায় জামায়াত নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের অভিযোগ
কুলাঊড়া উপজেলার প্রবাসী মোঃ বাজিদ আলীর বাড়ি দখলের অভিযোগ উঠেছে মাওলানা নজরুল ইসলাম নামের স্থানীয় প্রভাবশালী এক জামায়াত নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মাওলানা নজরুল ইসলাম জমিয়া ইসলামিয়া কর্মধা টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল এবং কর্মধা ইউনিয়নের জামায়াত ইসলামীর রুকন।
জানা গেছে, কর্মধা ইউনিয়নের হাজী মান আলীর ছেলে মোঃ বাজিদ আলী অনেক দিন থেকে কানাডা প্রবাসী।
তার অবর্তমানে তার মেয়ে সুমা বেগম ও মেয়ের জামাই কাদির মিয়া তার সম্পত্তির তত্বাবধান করেন। গতকাল সকালে মাওলানা নজরুল ইসলাম প্রবাসী মোঃ বাজিদ আলীর বাড়ি অর্পিত সম্পত্তি দাবি করে তা দখলে নেন। মাওলানা নজরুল লোকবল নিয়ে জোরপূর্বক মোঃ বাজিদ আলীর বাড়ি থেকে নারকেল গাছসহ অন্যান্য গাছ কেটে ট্রাকে ভর্তি করে নিয়ে যায়। পরে ট্রাক্টর দিয়ে মাটি ভরাট করে।
এসময় মোঃ বাজিদ আলীর মেয়ে সুমা বেগম ও মেয়ের জামাই কাদির মিয়া বাঁধা দিতে গেলে হাতে থাকা দা কুড়াল খন্তা হাকাইয়া মারমুখী হয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে।
অভিযুক্ত মাওলানা নজরুল ইসলাম দাবি করেন, মোঃ বাজিদ আলী স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর ছিল এবং বর্তমানে সে পলাতক। তার সম্পত্তি মাদ্রাসার কাজে ব্যবহৃত হবে। তাকে এবং তার পরিবারকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বেঁচে থাকতে দেয়া হবে না।
কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান হেলাল আহমেদ বলেন, মাওলানা নজরুল ইসলাম লোকজন নিয়ে এসে গাছ কেটে মাটি ভরাট করে প্রবাসী মোঃ বাজিদ আলীর বাড়ী দখল করছেন বলে তিনি জেনেছেন। তিনি মনে করেন মোঃ বাজিদ আলী আওয়ামী লীগের সমর্থক হলেও তার সম্পত্তি সন্ত্রাসী কায়দায় দখল করা ঠিক হয় নাই।
এ বিষয়ে কুলাউড়া উপজেলার জামায়াতের আমির বলেন, মোঃ বাজিদ আলী পতিত আওয়ামী লীগের দোসর ছিল।
তার এই জমির মালিকানা সংক্রান্ত জটিলতা আছে। তাই এই জমি ধর্মীয় শিক্ষা বিস্তারে ব্যবহৃত হবে। এতে এলাকাবাসীর সম্মতি আছে। মোঃ বাজিদ আলীর মেয়ের জামাই কাদির মিয়া পুলিশের নিকট এ বিষয়ে অভিযোগ করতে গেলে জমি-জমার বিরোধ সংক্রান্ত বিষয়ে পুলিশের কিছু করার নেই বলে জানান।



আপনার মতামত লিখুন