কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পালিত হলো ব্যতিক্রমধর্মী আম উৎসব
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গত ০৩ জুলাই রোজ বৃহস্পতিবার পালিত হয়েছে ব্যতিক্রমধর্মী উৎসব আম উৎসব। এই উৎসবের আয়োজক ছিলো ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল নামের একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান৷ প্রধান শিক্ষক সেলিনা মাসুদের কাছে এরকম ব্যতিক্রম আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন যে শুধু আম নয় বরং মৌসুমি ফল খাওয়ার উপকারীতা সম্পর্কে শিক্ষার্থীদেরকে অবগত করাই এর উদ্দেশ্য।
তিনি আরো বলেন এখনকার শিশুরা কৃত্রিম খাবার খাওয়ার ফলে প্রাকৃতিক ও পুষ্টিগুনে ভরপুর এমন খাবারগুলো খেতে অনীহা প্রকাশ করে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এরকম আয়োজন করলে তাদের দেশীয় ফল খাওয়ার প্রতি আগ্রহ জন্মাবে এবং কিছুটা হলেও তাদের শরীরের পুষ্টির চাহিদা পূরণ হবে। পরবর্তীতেও এমন প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান৷
উৎসবে সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ভীড় জমায়। উৎসবে এলাকার বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন৷ বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিলো মৌসুমি ফল খাওয়ার উপকারীতা বিষয়ে আলোচনা, লিফলেট বিতরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল ওয়াদুদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব ডাঃ এ এস এম সায়েম, সহকারী অধ্যাপক শাহ আলম, সহকারী অধ্যাপক মামুনুর রশিদ মানিক ও প্রভাষক হাফিজুর রহমান প্রমুখ।



আপনার মতামত লিখুন