প্রাণনাশের হুমকি
চাঁদপুরের ফরিদগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপি প্রার্থী সমর্থিত কর্মীদের হামলা
চাঁদপুরের ফরিদগঞ্জের ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের উভারামপুর গ্রামের উভারামপুর চৌরাস্তায় জানাজার নামাজে অংশগ্রহণ করতে যাওয়ার সময় সন্ধ্যা ছয়টার দিকে ব্যবসায়ী শাহ আলম মিজি উজ্জ্বল(৩৮) নামে বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদল নেতা বিএনপির সমর্থিত প্রার্থী সাবেক এমপি হারুনুর রশিদ এর সমর্থকদের দ্বারা হামলার শিকার হয়েছে। তাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হামলাকারীরা হলো স্থানীয় ড্রাইভার আব্দুল মান্নান তালুকদার এর দুই ছেলে মোঃ সবুজ তালুকদার(৫০) ও শফিক তালুকদার(৪০), শুক্কুর ব্যাপারীর ছেলে মজিব বেপারী(৪০), গাং পাড়ের বাড়ির ইসমাইলের ছেলে শরীফ (৩৮) এবং উভারামপুর গ্রামের ১ নং ওয়ার্ডের হানিফের পুত্র সাদ্দাম (২৮)। আসামিরা সবাই ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাসিন্দা। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ থেকে জানা যায়, যুবদল নেতা উজ্জল একটি জানাজায় অংশগ্রহণের জন্য যাবার পথে উভারামপুর চৌরাস্তায় আসামিরা তার পথ আটকায়। তাকে স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নান এর পক্ষে প্রচারণা না চালাতে হুমকি দিতে থাকে।
এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে আসামিরা উজ্জলকে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। যাবার সময় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে পুনরায় প্রচারণা চালালে তাকে পরিবারসহ প্রাণনাশের হুমকি দিয়ে যায়।
এ বিষয়ে বিএনপি প্রার্থী হারুনুর রশিদ এর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। স্বতন্ত্র প্রার্থী এমএ মান্নান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এ ধরনের হামলা একটি বড় অন্তরায়। নির্বাচনে আমার নিশ্চিত বিজয় উপলব্ধি করে তারা আমার মনোবল নষ্ট করতে আমার কর্মীদের উপর হর হামেশাই বর্বরোচিত হামলা করে চলছে। আমি দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই।
এসব ব্যাপারে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, এ হামলার ব্যাপারে একটি অভিযোগ এসেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।



আপনার মতামত লিখুন