মাদারগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তরুণের বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে মাদারগঞ্জ উপজেলা চত্বরে দিবসটি পালিত হয়। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, ফায়ার সার্ভিস কর্মকর্তা দেলোয়ার হোসেন, টিম লিডার রইছ উদ্দিন, জনস্বাস্থ্য কর্মকর্তা শফিকুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পূর্বপ্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে সচেতন ও প্রশিক্ষিত হলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
পরে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত সবার সামনে দুর্যোগ প্রতিরোধ ও উদ্ধার কার্যক্রম বিষয়ক একটি মহড়া প্রদর্শন করেন। এতে আগুন লাগা, দুর্ঘটনা ও অন্যান্য দুর্যোগ পরিস্থিতিতে করণীয় বিষয়ে বাস্তবধর্মী প্রদর্শনী দেখানো হয়।



আপনার মতামত লিখুন