রয়েছে নানা অভিযোগ
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য কাইয়ুম মাহমুদ এখনো বেপরোয়া
গলাচিপার ভূমিদস্যু ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য কাইয়ুম মাহমুদ সরকারি খালের পাড় দখল করে বিশাল অট্টালিকা তৈরি করেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও পৌরসভার মধ্যে কলেজ শিক্ষকের জমি দখলের পায়তারা চালাচ্ছে। এ ব্যাপারে রবিবার উপজেলা নির্বাহী অফিসারের নিকট ভূমিদস্যু কাইয়ুমের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা।
জানা গেছে, গলাচিপা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আ. কাদের মৃধার ৩য় পুত্র কাইয়ুম মাহমুদ। তার পৌর শহরে মোবাইল ফোন কেনাবেচার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার আমলের সময় ক্ষমতার দাপটে গলাচিপা সদর ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে ধোপার খালের পশ্চিম পাশে সরকারি খালের জায়গা ভরাট করে বিশাল অট্টালিকা তৈরি করে। উত্তর চরখালী গ্রামে তিন কড়া জমি ক্রয় করে ১০ কড়া জমি ভোগ করে বলে অভিযোগ রয়েছে।
এছাড়াও নানা অভিযোগ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার বাবাকে মানসিকভাবে নির্যাতন করত বলে কাইয়ুমের বিরুদ্ধে অভিযোগ থাকায় উপজেলা আওয়ামী লীগের এক নেতা তা মীমাংসা করার জন্য তার দোকান বন্ধ করে দেয়। পরে ওই নেতাকে ম্যানেজ করে দোকান খোলার ব্যবস্থা করে।
তৎকালীন সময় একটা আলোচিত ঘটনা—তারই ভাই আলামিন মৃধার স্ত্রী ফাহিমার সাথে তার পারিবারিক দ্বন্দ্ব থাকায় ফাহিমার গায়ে আগুন ধরিয়ে দেয়, এতে ফাহিমার মৃত্যু ঘটে। এহেন ঘটনার সাথে তারা সব সময় জড়িত থাকে বলে জানা গেছে। যে দল ক্ষমতায় আসে কাইয়ুম সেই দলে যোগ দিয়ে সুবিধা নেয়ার চেষ্টা করে।



আপনার মতামত লিখুন