মাদারগঞ্জে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
“বিট পুলিশিং, বাড়ি বাড়ি—নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৬নং আদারভিটা ইউনিয়নের বাজিতের পাড়া বাজারে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ ফাঁড়ির আয়োজনে এবং মাদারগঞ্জ মডেল থানার উদ্যোগে বিকেল সাড়ে ৪টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসআই শাজাহান মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং আদারভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিলিটারি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউর রহমান জিয়া, পলিশা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামিউল ইসলাম বিএসসি এবং সমাজসেবক মোজাফফর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান এবং অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। তিনি আরও বলেন, মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, চুরি-ডাকাতিসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। বক্তারা বলেন, সমাজ থেকে ইভটিজিং ও মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তারা বিট পুলিশিং কার্যক্রমকে জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন