৯ কোটির সড়ক ধসে এলজিইডির স্বীকারোক্তি: পরিকল্পনার ভুলে ভোগান্তিতে লাখো মানুষ! পরিদর্শনে প্রতিমন্ত্রী
গাজীপুরের শ্রীপুরে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়ক নির্মাণের মাত্র তিন মাসের মাথায় ধসে পড়ার ঘটনায় পরিকল্পনাগত ত্রুটির কথা স্বীকার করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি। শনিবার বিকেলে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন উপজেলার রাজাবাড়ি থেকে দমদমা পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় হয় প্রায় ৯ কোটি টাকা। তবে নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র তিন মাসের মধ্যেই সূতি নদীসংলগ্ন অংশের প্রায় ৮৩ মিটার সড়ক ধসে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত ২৯ জুন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল মনজুর মো. সাদেকের নেতৃত্বে ছয় সদস্যের একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শন শেষে তিনি জানান, সড়কটির প্রাথমিক নকশা ও পরিকল্পনায় ত্রুটি থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল মনজুর মো. সাদেক “সড়কটির পরিকল্পনা ও ডিজাইনে কিছু ত্রুটি ছিল। তদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশ করা হবে এবং ক্ষতিগ্রস্ত অংশ স্থায়ীভাবে সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।”
এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হবে।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও বলেন “ক্ষতিগ্রস্ত অংশের নিচের মাটির স্তর দুর্বল হওয়ায় এই সমস্যা হয়েছে। নতুন ডিজাইন করে বড় ধরনের পাইলিংয়ের মাধ্যমে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।” জানা যায়,২০২১ সালে শুরু হওয়া এ সড়ক প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালে। তবে কাজ শেষ হয় ২০২৬ সালে। এরই মধ্যে সড়কের বিভিন্ন স্থানে ফাটল এবং নদীতীর সংরক্ষণ ব্লক ভেঙে যাওয়ার ঘটনাও সামনে এসেছে।
স্থানীয়দের দাবি, শুধু সংস্কার নয়, কী কারণে পরিকল্পনায় ত্রুটি হয়েছে এবং এর দায় কার সেটিও তদন্তের মাধ্যমে স্পষ্ট করতে হবে।



আপনার মতামত লিখুন