আপোষের শর্তে জামিন পেলেন যৌতুক মামলায় গ্রেপ্তার পৈল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক
যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া হবিগঞ্জের পৈল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন (৪০) আপোষের শর্তে এক মাসের জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিপক্ষের জামিন আবেদন শুনানি অনুষ্ঠিত হয়। বিচারক শাফিউল্লাহ মামলার নথি পর্যালোচনা এবং উভয় পক্ষের বক্তব্য শুনে দেখতে পান, মামলাটি যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় দায়ের করা হয়েছে। একই সঙ্গে বাদীপক্ষ আপোষের শর্তে আসামির জামিনে কোনো আপত্তি না থাকায় আদালত অভিযোগের প্রকৃতি, মামলার পরিস্থিতি ও আপোষের সুযোগ বিবেচনায় আগামী এক মাসের জন্য জামিন মঞ্জুর করেন। আদালত ১ হাজার টাকার বন্ডে একজন আইনজীবী ও একজন স্থানীয় জামিনদারের জিম্মায় কামাল উদ্দিনকে মুক্তির আদেশ দেন।
মামলার নথি সূত্রে জানা যায়, কামাল উদ্দিনের স্ত্রী, যিনি পেশায় একজন শিক্ষিকা, যৌতুকের দাবিতে মারধর ও নির্যাতনের অভিযোগ এনে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলার পর আদালত তার বিরুদ্ধে সমন জারি করেন। তবে সমনের পরও আদালতে হাজির না হওয়ায় পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এর পরিপ্রেক্ষিতে গত ৩ আগস্ট বিকেলে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ পৈল সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। তিন দিন কারাগারে থাকার পর বৃহস্পতিবার আপোষের শর্তে তিনি জামিন লাভ করেন।



আপনার মতামত লিখুন