বেনাপোলে অপরাধ দমনে জিরো টলারেন্সে পোর্ট থানা: ওসি আরশাফ আলীর কঠোর বার্তা, নিরাপদ সীমান্ত নগরী গড়ার প্রত্যয়
যশোরের বেনাপোল পোর্ট থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশাফ আলী। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন—দেশের কোনো এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের স্থান হবে না। বেনাপোলেও অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”
এদিকে বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণ পাড়ার বাসিন্দা মফিজুর রহমান (২৯), পিতা: আলমগীর হোসেন, বেনাপোল পোর্ট থানার চলমান অপরাধবিরোধী কার্যক্রমের প্রশংসা করেছেন। তিনি বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দৃশ্যমান তৎপরতা সাধারণ মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ বাড়িয়েছে।
ওসি আরশাফ আলী আরও জানান, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হওয়ায় বেনাপোলে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। মাদক কারবারি, চাঁদাবাজ, সন্ত্রাসী ও সমাজবিরোধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করবে, ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্নে পরিচালিত হবে—এটাই বেনাপোল পোর্ট থানার অঙ্গীকার। কোনো অপরাধের তথ্য পেলে দ্রুত পুলিশকে জানান, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।”
স্থানীয় সচেতন মহলের মতে, বেনাপোল পোর্ট থানার জিরো টলারেন্স নীতি এবং ওসি আরশাফ আলীর নেতৃত্বে চলমান তৎপরতা সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুলিশের এমন উদ্যোগে বেনাপোলকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত সীমান্ত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা করছেন এলাকাবাসী।



আপনার মতামত লিখুন