কম পানিতে বেশি ফলন নিশ্চিত করতে হবে: বিএমডিএ চেয়ারম্যান
বরেন্দ্র অঞ্চলের কৃষকের স্বার্থে পানির সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) কৃষিবিদ হাসান জাফির তুহিন।
তিনি বলেন,বরেন্দ্র অঞ্চলের কৃষি ও কৃষকের জীবন-জীবিকা পানির ওপর নির্ভরশীল। তাই পানির প্রতিটি ফোঁটার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। শুধু সেচের পরিমাণ বাড়ালেই চলবে না,পানি ব্যবহারে দক্ষতা বাড়াতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানির উৎস সংরক্ষণ করতে হবে।
গত ৯ই জুলাই রোববার দুপুরে রাজশাহী নগরীর নানকিং রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরামর্শের ফলাফল যাচাইকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএমডিএ ও এডিবির যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন (এসএএফ) বাংলাদেশ ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন)।
বিএমডিএ চেয়ারম্যান আরও বলেন, ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে দীর্ঘমেয়াদে কৃষি উন্নয়ন টেকসই করা সম্ভব নয়। কোথায় কী পরিমাণ পানি ব্যবহার হচ্ছে, পানির উৎস এবং ভবিষ্যতে এর প্রাপ্যতা বিবেচনা করেই সেচ পরিকল্পনা করতে হবে। আমাদের মূল লক্ষ্য কম পানি ব্যবহার করে বেশি ফলন নিশ্চিত করা।
তিনি জোর দিয়ে বলেন, কোনো প্রকল্প কাগজে-কলমে সফল হলে চলবে না, এর সুফল সরাসরি কৃষকের মাঠে পৌঁছাতে হবে।
বিএমডিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ডঃ আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সংস্থার নির্বাহী প্রকৌশলী ও বরেন্দ্র প্রকল্পের ফোকাল পয়েন্ট হারুন-অর-রশিদ।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিএমডিএ পরিচালনা বোর্ডের সদস্য শফিকুল আলম, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক ডঃআজিজুর রহমান, এসএএফ বাংলাদেশের নির্বাহী পরিচালক ফরহাদ জামিল,গেইনের হেড অব পলিসি ডঃমোহাম্মদ মনিরুল হাসান, এডিবির সিনিয়র কৃষি বিশেষজ্ঞ ডঃনূর খন্দকার, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড.ই.জি. নিয়ামুল বারি,ব্রি’র বিভাগীয় প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ হোসেন,বিএমডিএ সচিব মেহেদি হাসান,তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম ও আবদুল লতিফ প্রমুখ।



আপনার মতামত লিখুন