হেফাজতে ইসলামের বেআইনি দাবির প্রতিবাদে হেযবুত তাওহীদ ছাত্র ফোরামের সংবাদ সম্মেলন
হেযবুত তওহীদের বিরুদ্ধে বাংলাদেশ হেফাজতে ইসলামের অসাংবিধানিক ও বেআইনি দাবির নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ ছাত্র ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার বিকাল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন হেযবুত তওহীদ ছাত্র ফোরাম ঢাবি শাখার আহ্বায়ক মেহেদি হাসান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকালীন এক বৈঠকে বাংলাদেশ হেফাজতে ইসলামের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিকট ৯ দফা দাবি পেশ করা হয়। এর অন্যতম দাবি ছিল হেযবুত তওহীদকে নিষিদ্ধ করা। বক্তারা এই দাবির তীব্র নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম ও সাংবিধানিক রাষ্ট্র। দেশের সংবিধানে প্রত্যেক নাগরিককে বাক স্বাধীনতা, মতাদর্শ প্রচারের স্বাধীনতা ও সংগঠন করার অধিকার প্রদান করা হয়েছে। সেই অধিকারবলে হেযবুত তওহীদ রাষ্ট্রের আইন ও সংবিধান মান্য করে নিজেদের মতাদর্শ প্রচার ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিগত ৩১ বছরে এই সংগঠনের বিরুদ্ধে একটিও আইন ভঙ্গের রেকর্ড নেই। অতএব শুধুমাত্র মতাদর্শগত বিরোধ ও গোষ্ঠীগত বিদ্বেষের কারণে হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার যে দাবি হেফাজতে ইসলামের পক্ষ থেকে করা হয়েছে, তা সম্পূর্ণ বেআইনি ও সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেন বক্তারা।
তারা অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময়ে হেফাজতে ইসলামের ব্যানারে একটি উগ্রবাদী কওমি গোষ্ঠী দেশের বিভিন্ন জায়গায় হেযবুত তওহীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদান, মিথ্যাচার, বানোয়াট হ্যান্ডবিল প্রচার, খুতবায় মিথ্যা বক্তব্য প্রদান সহ নানা উপায়ে মব সৃষ্টির পায়তারা করছে। এতে হেযবুত তওহীদের সদস্যদের জান-মাল হুমকির মুখে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
বক্তারা হেযবুত তওহীদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা প্রকাশ্য ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা, কোনো গোষ্ঠীর চাপের কাছে নত না হয়ে সকলের সাংবিধানিক অধিকার রক্ষা করা, মব সৃষ্টির অপতৎপরতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ বেশ কিছু দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন, হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সভাপতি রাদ উল ইসলাম, সহ-সভাপতি আল মামুন খান আকাশ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ সাবিকুন নাহার ইভা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন