সাতক্ষীরার তালায় একই রাতে দুই বাড়িতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি
সাতক্ষীরার তালা উপজেলায় একই রাতে দুটি পৃথক বাড়িতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের অচেতন করে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে তালা সদর ইউনিয়নের ভায়ড়া ও খানপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
ভায়ড়া গ্রামের ভুক্তভোগী আবজাল জোয়াদ্দার (পিতা: আবুল হোসেন জোয়াদ্দার) জানান, রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। সকালে উঠে তারা ঘরের দরজা ভেড়ানো এবং আসবাবপত্র এলোমেলো দেখতে পান। পরে তারা বুঝতে পারেন যে ঘরে চুরি হয়েছে।
অন্যদিকে, একই রাতে খানপুর গ্রামের মহিউদ্দিন সরদারের (পিতা: জাবাক্সে সরদার) বাড়িতেও অনুরূপ চুরির ঘটনা ঘটে। তাঁর স্বজন ইলিয়াস সরদার জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করে পরিবারের সবাইকে অচেতন করে দেয় এবং মালামাল লুট করে পালিয়ে যান।
ভুক্তভোগী পরিবারগুলো জানায়, চেতনানাশক স্প্রে-র প্রভাবে পরিবারের সদস্যরা অসুস্থ থাকায় তাৎক্ষণিকভাবে খোয়া যাওয়া মালামাল ও নগদ টাকার সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
তাদের শারীরিক সুস্থতার পর সার্বিক ক্ষয়ক্ষতির তালিকা করা সম্ভব হবে।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, “বিষয়টি সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একই রাতে পরপর দুটি চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।



আপনার মতামত লিখুন