ভালুকায় ২৯ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, চালক গ্রেপ্তার
ময়মনসিংহের ভালুকায় একটি পিকআপ থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-১৪। শনিবার (১৫ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেজরভিটা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ পিকআপটি জব্দ করা হয়। এ সময় পিকআপের চালককে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৪ সূত্রে জানা যায়, মাদকের একটি বড় চালান পাচারের খবর পেয়ে র্যাবের একটি দল মেজরভিটা এলাকায় অবস্থান নেয়। পরে ‘মা-বাবার দোয়া’ ও ‘হানিফ’ লেখা হলুদ রঙের টাটা এস পিকআপের গতিরোধ করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় পিকআপের চালকের আসন ও পেছনের অংশে বিশেষভাবে তৈরি গোপন প্রকোষ্ঠের সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।
র্যাব-১৪-এর অতিরিক্ত পুলিশ সুপার শামছুজ্জামান জানান, মাদকের চালান পাচারের তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হবে।



আপনার মতামত লিখুন